৬ নভেম্বর : দেশ বিদেশের প্রকৃতিপ্রেমী পর্যটকদের আরও বেশী আকৃষ্ট করতে তৃষ্ণা অভয়ারন্যকে নতুন করে সাজিয়ে তােলার উদ্যোগ নিতে হবে । এইলক্ষ্যে তৃষ্ণা অভয়ারন্যে চশমাবানর পয়েন্ট স্থাপন , লগ হাট স্থাপন এবং লেইকে বােটিং -এর ব্যবস্থা করার জন্য বনদপ্তরকে পরিকল্পনা গ্রহন করে কাজ করতে হবে । শুক্রবার সচিবালয়ের ভিডিও কনফারেন্স হলে অনলাইনের মাধ্যমে রাজ্য বন্যপ্রাণী পর্ষদের পর্যালােচনা সভায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন । 



শুক্রবার সচিবালয়ে মােহনভােগ এবং নলছড় ব্লকের মহিলা স্বসহায়ক গােষ্ঠীর সদস্যদের তৈরি ইকোফ্রান্ডলি প্রদীপের সূচনা করলেন মুখ্যমন্ত্রী ।সিপাহীজলা জেলার অন্তর্গত এই ব্লকের মহিলা স্বসহায়ক গােষ্ঠীর সদস্যগণ বাঁশের প্রদীপ তৈরি করেছেন । একই সাথে স্থানীয়ভাবে প্রাপ্ত আখের গুড় এবং আনারসের জ্যালি বাণিজ্যিকভাবে প্রস্তুত করছেন স্বসহায়ক গােষ্ঠীর সদস্যরা । 



মুখ্যমন্ত্রী মহিলা স্বসহায়ক দলের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন , ত্রিপুরার বাঁশকে নানাভাবে কাজে লাগানাের প্রয়াস অব্যাহত রয়েছে । কারণ বাঁশ দ্রুত বর্ধনশীল ঘাসজাতীয় উদ্ভিদ । প্রধানমন্ত্রীও বাঁশ ক্ষেত্রের উন্নয়নে বিশেষভাবে নজর রেখেছেন । ত্রিপুরাতেও বিভিন্ন প্রজাতির বাঁশ পর্যাপ্ত পরিমাণে উৎপন্ন হয় । এই বাশকে ভিত্তি করে রাজ্যের কুটির শিল্পের বিকাশের ব্যাপক সম্ভাবনা রয়েছে । রাজ্য সরকার এই ব্যাম্বু সেক্টরের উন্নয়নের দিশায় কাজ করে চলেছে । 



এদিন মহাকরণে বিএসএফ - এর নব নিযুক্ত ইন্সপেক্টর জেনারেল সুকান্ত কুমার নাথ এর সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। দুজনের মধ্যে রাজ্যের সীমান্তবর্তী এলাকার সুরক্ষা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।