৩ নভেম্বর : দেশের বিভিন্ন রাজ্যে জল জীবন মিশন প্রকল্পের অগ্রগতি নিয়ে কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিটি রাজ্যের পানীয়জল দপ্তরের ভারপ্রাপ্তমন্ত্রীদের সঙ্গে আলােচনা করেন । সচিবালয়ের ভিডিও কনফারেন্স হলে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করেন এবং রাজ্যে জল জীবন মিশন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলােচনা করেন । 

আলােচনাকালে  মুখ্যমন্ত্রী  বলেন , জল জীবন মিশন প্রকল্পে রাজ্যে ২০২০-২১ অর্থবর্ষে ৩ লক্ষ ২০ হাজার ৪৭৩ টি পরিবারে টেপের মাধ্যমে পানীয়জলের সংযােগ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে । এরমধ্যে ৫২ হাজার ৮৭৫ টি বাড়িতে পানীয়জলের সংযােগ ইতিমধ্যেই দেওয়া হয়েছে । বাকি পরিবারগুলিতে আগামী ৫ মাসের মধ্যেই পানীয়জলের সংযােগ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে দপ্তর কাজ করছে । এরজন্য টেন্ডার প্রক্রিয়ার কাজ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে । এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।