২৯ নভেম্বর : ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিভাগের উদ্যোগে রবিবার আগরতলার কলেজ রোডে ৯ বনমালীপুর কার্য্যালয়ে  দু'দিনব্যাপী চলা কার্যকর্তাদের পারশিক্ষন শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে  বলেন , প্রত্যেক ব্যক্তিকে জনগণের সাথে আত্মিক সম্পর্ক গড়ে তুলতে হবে। প্রথমে ব্যক্তিকে একজন ভালো শ্রোতা হতে হবে। কোনও অবস্থাতেই তালে তাল মেলানো চলবে না। তালে তাল মেলালেই উপদল সৃষ্টি হবে যেটা ভারতীয় জনতা পার্টির বৈশিষ্ট্য নয়। 


 


মুখ্যমন্ত্রী বলেন, একজন সুবক্তা হতে গেলে বক্তার ধারণা থাকতে হবে সামনে বসে থাকা মানুষের মনের ভিতর কী চলছে তা অনুভব করতে পারা। তিনি বলেন, আপনার বক্তব্য শুনে পার্টি কার্যকর্তারা ছাড়া সাধারণ নাগরিকরা যখন জড়ো হয়ে যাবে তখনই আপনার বক্তব্য সার্থক। বক্তব্য রাখার এক্সপ্রেশনের দিকে লক্ষ্য রাখতে হবে আর এক্সপ্রেশন তখনই সঠিক আসবে যখন বক্তা হৃদয় থেকে কথা বলবে। সব সময় আলোচনার মাধ্যমে সকল সিদ্ধান্ত নিতে হবে। 



এদিন মুখ্যমন্ত্রী বলেন,  কেউ যদি মনে করে যে আমি সংগঠনের উর্ধ্বে চলে গেছি তাহলে তাকে সংগঠন কোথায় যে নিয়ে ফেলবে খুঁজে পাওয়া যাবে না। কত লোক এসেছে আর গেছে এই পার্টিতে, হিসাব নেই। এই পার্টিতে তারাই টিকে থাকতে পারে যারা যখন বুথ প্রেসিডেন্ট ছিলেন তখনও বুথে যেতেন আর যখন গৃহমন্ত্রী হয়ে গেছেন তখনও বুথে যান।