১৯, নভেম্বর : গ্রামীণ অর্থনীতির বিকাশ ও গ্রামীণ জনগণের রোজগার সুনিশ্চিত করার বিষয়ে রাজ্য সরকার প্রতিজ্ঞাবদ্ধ। যে জব কার্ডগুলি অকেজো হয়ে পড়ে রয়েছে তা যাতে পুনরায় কার্যকর করা যায় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। বৃহস্পতিবার আগরতলার প্রজ্ঞাভবনের ৩ নং সভাগৃহে ত্রিপুরা স্টেট এমপ্লয়মেন্ট গ্যারান্টি কাউন্সিলের পর্যালােচনা সভায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন । তিনি বলেন, জব কার্ডের বিষয়ে মানুষ যাতে বিশদে জানতে পারেন তার জন্য গ্রামের স্থানীয় প্রশাসনকে প্রচারের কাজে অগ্রগণ্য ভূমিকা নিতে হবে। 



রেগার কাজে যাতে ত্রিপুরা এক নম্বর জায়গায় পৌঁছতে পারে সে ব্যাপারে আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকে গ্রামীণ এলাকার কাঁচা রাস্তা সংস্কারের কাজ করার ব্যাপারেও আলোচনা হয়। 



এই প্রথমবার রেগার মাধ্যমে ড্রাগন ফুড চাষের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। এর জন্য মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে সমগ্র ত্রিপুরাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।