৩০ নভেম্বর : এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার কাজে জাতি ও জনজাতিদের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । তিনি সোমবার সন্ধ্যায় শান্তিরবাজার মহকুমার পতিছড়ির মুড়াসিং পাড়ায় রাজ্যভিত্তিক মুড়াসিং সামাজিক ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধকের ভাষণে এই কথা বলেন ।
মুখ্যমন্ত্রী বলেন, দীর্ঘবছর যাবৎ এই রাজ্যে ভূমিপুত্রদের উপজাতি বলা হতাে । এই সরকার আসার পর উপজাতিদের জনজাতি হিসেবে স্বীকৃতি দিয়েছে । এখন উপজাতি নয় জনজাতি । এখন আর উপজাতি কল্যাণ দপ্তর নয় , তার পরিবর্তে জনজাতি কল্যাণ দপ্তর । বড়মুড়া পাহাড়ের নাম পরিবর্তন করে হাথাইকতর করেছে রাজ্য সরকার । তিনি বলেন , আগেও এই রাজ্যে দীর্ঘ বছর সরকার ছিলাে । কেন্দ্রে ও রাজ্যে একই সমর্থনের সরকার ছিলাে । কিন্তু উপজাতিদের কল্যাণে এমন কোনও কর্মসূচি ছিলাে না । আগের সরকারের আমলে মাত্র ৪ টি একলব্য বিদ্যালয় ছিলাে । এই সরকার ১৮ টি একলব্য বিদ্যালয় তৈরি করছে । তারমধ্যে ১০ টি একলব্য বিদ্যালয় তৈরির কাজ শুরু হয়েছে ।
এদিকে সোমবার বৃহত্তর পরিসরে আগরতলার এন এস আর সি সি স্পাের্টস কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন , রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ক্রীড়া ক্ষেত্রের পরিকাঠামােগত উন্নয়ন , প্রসার ও প্রচারের ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে । এই কর্মসূচিতে রাজ্যের খেলােয়াড়রা যাতে বিশ্বমানের প্রশিক্ষণ নিতে পারে সেদিকে লক্ষ্য রেখে আজ এখানে আধুনিক সুবিধাযুক্ত স্পাের্টস কমপ্লেক্সের দরজা খুলে দেওয়া হয়েছে । এই স্পাের্টস কমপ্লেক্স নির্মাণে এখন পর্যন্ত ১৪ কোটি টাকা ব্যয় হয়েছে । তিনি রাজ্যের খেলােয়াড়দের এই স্পাের্টস কমপ্লেক্সের পূর্ণাঙ্গ সুযােগ গ্রহণ করার জন্য আহ্বান জানান ।



0 মন্তব্যসমূহ