৩১ অক্টোবর :  শনিবার বিকেলে আগরতলার অরুন্ধতীনগর পুলিশ লাইনে মনােরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়ামে স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৫ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়ােজিত হয় রাষ্ট্রীয় একতা দিবসের অনুষ্ঠান। 



অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেল ভারতবর্ষকে একটি সুদৃঢ় ও শক্তিশালী দেশ হিসেবে গঠন করতে চেয়েছিলেন । বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদিও সেই দিশায় কাজ করছেন এবং ভারতকে একটি সর্বশ্রেষ্ঠ , আত্মনির্ভর , সুদৃঢ় এবং শক্তিশালী দেশ হিসেবে গড়ে তােলার পরিকল্পনা নিয়ে কাজ করছেন । তিনি বলেন , ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদির নেতৃত্বে নতুন সরকার গঠিত হওয়ার পর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনটিকে রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত হয় । ২০১৪ সালে তাঁর জন্মদিনটিতেই দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি ঐক্যের জন্য দৌড় কর্মসূচির সূচনা করেছিলেন ।


 


মুখ্যমন্ত্রী বলেন , সর্দার বল্লভভাই প্যাটেল এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি কূটনীতিক কৌশলের মাধ্যমে স্বাধীন ভারতের ৫৬৫ টি রাজন্যশাসিত ছােট ছােট প্রদেশগুলিকে বিনাযুদ্ধে ভারতের সাথে সংযুক্ত করেছিলেন এবং ঐক্যবদ্ধ ভারত গঠন করেছিলেন । আজও সর্দার বল্লভভাই প্যাটেলের রণনীতি ও রণকৌশলকে পাথেয় করে দেশের বর্তমান প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী কাজ করে যাচ্ছেন ।



এদিন পশ্চিম ত্রিপুরা জেলার খুমুলুঙের নুয়াই অডিটোরিয়ামে রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষ্যে আয়ােজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, আমাদের দেশ অনেক বড় । এদেশে যেমন নানা রকম খাদ্যাভাস রয়েছে । তেমনি রয়েছে সাংস্কৃতিক বৈচিত্র্য । এই সাংস্কৃতিক বৈচিত্র্য আমাদের একসূত্রে বেঁধে রেখেছে । এটাই আমাদের দেশের ঐতিহ্য । রাষ্ট্রীয় একতা দিবস এবং পুলিশ শহীদ দিবস উপলক্ষ্যে সিআরপিএফ’র ত্রিপুরা সেক্টর এই অনুষ্ঠানের আয়ােজন করে । 



 সিআরপিএফ জওয়ানদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন , সারা দেশেই কোভিড পরিস্থিতিতে সিআরপিএফ জওয়ানগণ প্রথম সারির যােদ্ধা হিসেবে কাজ করেছেন । তাঁদের এই ভূমিকার ভূয়সী প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন , আপনাদের জীবন দেশের জন্য জরুরি । জনহিতকর কাজে সিআরপিএফ’র ভূমিকারও ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী । তিনি আসন্ন দীপাবলি উৎসব উপলক্ষ্যে সমস্ত আধাসামরিক বাহিনীর জওয়ান , পুলিশ বাহিনী সহ সকলকে শুভেচ্ছা জানান ।


 


অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্যদের সিআরপিএফ - এর পক্ষ থেকে স্মারক উপহার দেওয়া হয় । সাংস্কৃতিক অনুষ্ঠানে মামিতা , হজাগিরি সহ বিভিন্ন দেশাত্মবােধক সংগীত ও নৃত্য পরিবেশিত হয় । অনুষ্ঠানে সিআরপিএফ’র পক্ষ থেকে । অংশগ্রহণকারী সমস্ত শিল্পীদের স্মারক উপহার প্রদান করা হয় ।