২৫ অক্টোবর : নবমীর দিনে  সস্ত্রীক মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব পূজোর আনন্দ ভাগ করে নিলেন প্রত্যন্ত অঞ্চলের জনজাতি সম্প্রদায়ের লোকজনের সাথে । রবিবার তিনি ছুটে যান  ঊনাকোটী জেলা প্রত্যন্ত এডিসি ভিলেজে। প্রথমেই তিনি যান বিলাসপুর পাড়া ওশা লাম্পহারা পূজো কমিটি আয়োজিত দুর্গোত্‍সবে । পুজোর দিনে সস্ত্রীক মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে স্থানীয়দের চোখে মুখে দেখা যায় আবেগের ছোঁয়া। 


 


পরে মুখ্যমন্ত্রী চলে যান বিলাসপুরের জয়হিন্দ ক্লাবের দুর্গাপুজোয় । সেখানে মুখ্যমন্ত্রী  বলেন, আমার ইচ্ছে ছিল, গ্রামের পূজো, জনজাতি এলাকার পূজো কী ভাবে হচ্ছে দেখার। সেটা দেখতেই বিলাসপুরে এসেছি। এখানে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছেন। আশা করি মা দুর্গার আশীর্বাদে আমরা খুব শীঘ্রই এই কোভিড প্রকোপ থেকে মুক্তি পাব। 



সেখান থেকে মুখ্যমন্ত্রী চলেযান বরেণ্য লোকসঙ্গীত শিল্পী, ত্রিপুরার গর্ব, দেশের উচ্চ অসামরিক সম্মান পদ্মশ্রী  পুরস্কারপ্রাপ্ত থাঙ্গা ডারলংয়ের বাড়িতে। তিনি এই বরেণ্য রোসেম বাদকের শারীরিক অবস্থার খবর নেন। থাঙ্গা ডারলংও মুখ্যমন্ত্রীর কোশল জানতে চান।



এই সাক্ষাৎকারের বিষয়ে মুখ্যমন্ত্রী তাঁর সামাজিক মাধ্যমে জানান, ১০১ বছর বয়সেও শ্রী থাঙ্গা ডারলং শারীরিক ও মানসিক ভাবে সম্পূর্ণ সুস্থ রয়েছেন। ভগবানের কাছে তাঁর দীর্ঘায়ু কামনা করি। আমি তাঁকে প্রণাম করে তাঁর আশীর্বাদ নিয়েছি।