২৭ অক্টোবর :  রাজ্যে জাতীয় সড়কের উন্নয়নে ৯ টি প্রকল্পের আনুষ্ঠানিক শিলান্যাস হয়েছে । এই নয়টি প্রকল্পে ২৬২ কিমি জাতীয় সড়কের কাজে ব্যয় হবে ২,৭৫২ কোটি টাকা । মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পসমূহের শিলান্যাস করেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রী নীতিন গড়করি এবং মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । এ উপলক্ষ্যে সচিবালয়ে এক অনুষ্ঠানের আয়ােজন করা হয় । 



শিলান্যাস অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী গড়করি বলেন , ত্রিপুরার সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । তিনি বলেন , আজকের গৃহীত এই প্রকল্পসমূহ রূপায়নের মধ্য দিয়ে ত্রিপুরার সার্বিক উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে ।


 


অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একসাথে জাতীয় সড়কের উন্নয়নে ৯ টি প্রকল্পের শিলান্যাসকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন । তিনি বলেন , জাতীয় সড়কের উন্নয়নে প্রথমবার ত্রিপুরায় এত বড় প্রজেক্ট এর শিলান্যাস করা হয়েছে । এজন্য তিনি কেন্দ্রীয় রােড ট্রান্সপাের্ট ও হাইওয়ে দপ্তরের মন্ত্রী নীতিন গড়করি , ডােনার মন্ত্রকের রাজ্যমন্ত্রী ( স্বাধীন দায়িত্ব প্রাপ্ত ) ড . জীতেন্দ্র সিং এবং কেন্দ্রীয় রােড ট্রান্সপাের্ট ও হাইওয়ে মন্ত্রকের রাজ্যমন্ত্রী জেনারেল ড . ভি কে সিংকে ধন্যবাদ জানান । 



মুখ্যমন্ত্রী বলেন , চুরাইবাড়ি থেকে আগরতলা ১৯৮ কিমি জাতীয় সড়কে পাহাড়ী রাস্তা থাকায় বর্ষার সময় ভুমিধসের কারণে যান চলাচলে অসুবিধা হয় । আগরতলা থেকে খােয়াই - কৈলাসহর ভায়া চুরাইবাড়ি পর্যন্ত এই বিকল্প জাতীয় সড়কের বিভিন্ন অংশের কাজও অন্তর্গত রয়েছে আজকের প্রকল্পে । এই বিকল্প জাতীয় সড়কের উন্নতির ফলে আগরতলা থেকে চুরাইবাড়ির দুরত্ব কমে যাবে । পাশাপাশি এই সড়কে পাহাড়ী অংশও কম । ফলে বর্ষার সময়েও যান চলাচলে বিঘ্ন ঘটার সম্ভবনা কমবে । 


        বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী আগরতলা থেকে চুরাইবাড়ি পর্যন্ত জাতীয় সড়ককে চার লেইনে রূপান্তরিত করার বিষয়টি কেন্দ্রীয় মন্ত্রী শ্রী গড়করির নজরে আনেন ।


 


অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় মুখ্যমন্ত্রী বলেন , ত্রিপুরাকে সর্বশ্রেষ্ঠ করে গড়ে তুলতে চাইছে রাজ্য সরকার । এর জন্য কেন্দ্রীয় সরকার ও যথেষ্ট আন্তরিক ভাবে রাজ্যকে সহযােগিতা করছে । তিনি বলেন , পরিকাঠামাে উন্নয়নের পাশাপাশি কৃষির মত প্রাথমিক সেক্টর যেগুলি থেকে কম সময়ের মধ্যেই লাভ হওয়ার সুযােগ রয়েছে সেগুলিতেও সরকার গুরুত্ব আরােপ করছে । 


 


উল্লেখ্য যে নয়টি প্রকল্পের শিলান্যাস করা হয় সেগুলি হল , জোলাই বাড়ি বিলােনীয়া এন এইচ ১০৮ ( এ ) , কৈলাসহর - কুমারঘাট এন এইচ ২০৮ , খয়েরপুর - আমতলী বাইপাস , আগরতলা - খােয়াই এন এইচ ১০৮ ( বি ) , কৈলাসহর - কুর্তী সেতুর ডাবল লেন , এন এইচ ২০৮ ( এ ) , মনু - সিমলুঙ এন এইচ -৪৪ ( এ ) , মুহুরী ও গােমতী নদীর উপর আরসিসি সেতু , চুরাইবাড়ি - আগরতলা এন এইচ -৮ ( প্যাবসােল্ডারের কাজ ) , চুড়াইবাড়ি - আগরতলা এন এইচ -৪৪ এর ( প্যাবসােল্ডারের কাজ ) ।