২২ অক্টোবর : কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্পগুলির বাস্তবায়নের স্বরূপ নিয়ে মহাকরণে পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব। এই বৈঠকের পর কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি বাস্তবায়নের রিপোর্ট সন্তোষজনক বলে তিনি উল্লেখ করেন। এদিনের বৈঠকে উপস্থিত আধিকারিকদের নির্দেশ দেন, আরও বেশি সংখ্যক মানুষের কাছে প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার জন্য তৎপরতা বৃদ্ধি করতে।
মুখ্যমন্ত্রী বলেন, আমাদের সরকারের উদ্দেশ্য, অন্তিম ব্যক্তি পর্যন্ত বিকাশের কার্যধারা পৌঁছে দেওয়া। আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে পথ চলছে সরকার। সেই লক্ষ্য পূরণের জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্পগুলির বিস্তৃতির দিকে আলোকপাত করা হয়েছে।
এদিন উগ্রপন্থার পথ ছেড়ে জীবনের মূল স্রোতে ফেরা এনএলএফটি গ্রাউন্ড ওয়ার্কারদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী। রবীন্দ্র ভবনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ২০১৯ সালের ১৩ ই আগস্ট এনএলএফটি (এস ডি) গ্রুপের যে ভাইয়েরা আত্মসমর্পণ করে উগ্রপন্থার পথ থেকে জীবনের মূল স্রোতে ফিরে এসেছেন, ত্রিপুরার উন্নয়নের জন্য সংকল্পবদ্ধ হয়েছেন, সেই ৮৮ জন ভাই এবং তাঁদের পরিবার মিলে চুক্তির শর্তাবলী অনুযায়ী ১৩৬ জন ওভার গ্রাউন্ড কার্যকর্তাদের এককালীন এক লক্ষ টাকা করে আর্থিক সহায়তা করার সরকারের যে প্রতিশ্রুতি ছিল তা আজ পালন করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী বলেন, আমি আশা করব, আজ যাঁরা এক লক্ষ টাকা করে পাবেন, তাঁরা এই অর্থ উৎসবের প্রাক্কালে নিজেদের জীবনশৈলীর উন্নয়নের জন্য কাজে লাগাবেন। আর নিজের জীবন এবং পরিবারের সুখ-স্বাচ্ছন্দ্য প্রতিষ্ঠা করার জন্য, কেন্দ্র এবং রাজ্য সরকারের যোজনা গুলোর লাভ গ্রহণ করবেন।




0 মন্তব্যসমূহ